ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে গত শুক্রবার থেকে শুরু হয়েছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশ-বিদেশের লাখ লাখ মুসুল্লির আগমনে মুখর ইজতেমার মাঠ ও আশপাশ। আজ (রোববার) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইলের সুরা সদস্য মোহাম্মদ জোবায়ের।
এর আগে হেদায়েতি বয়ান করা হবে। এর মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে।
বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ইজতেমার আয়োজকরা ধারণা করছেন। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা
সরেজমিনে দেখা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন। শনিবার রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রোববার ভোর ৪টা থেকেই মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।
আখেরি মোনাজাতে নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে পুলিশ মোতায়েন করা আছে। মুসল্লিরা যেন খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারে তার জন্য বাস, ট্রেনসহ সব ধরণের যানবাহনের ব্যবস্থা রয়েছে।
গন্তব্য টঙ্গীর তুরাগ তীর। লাখো মানুষের সঙ্গে সমবেত হয়ে আখেরি মোনাজাতে অংশ নেওয়া।
যত দূর চোখ যায় ততদূর পর্যন্তই শুধু মানুষ আর মানুষের ঢল, হেঁটেই যাচ্ছেন টঙ্গির পথে। গণ কাতারে শরিক হয়ে পরম করুণাময়ের দরবারে হাত পাতা। কোথা থেকে শুরু হয়েছে এই ধর্মপ্রাণ মুসল্লিদের লাইন আর কোথায় গিয়ে তা ঠেকেছে তা ভুলে গেছেন খোদাপ্রেমী এসব মানুষেরা।
প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আজ শেষ দিন। দেশ-বিদেশের লাখো মুসল্লির আগমনে ইজতেমা মাঠ ও টঙ্গীর আশপাশ মুখরিত হয়ে উঠেছে গত তিন চারদিন ধরেই। আজ (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। সেই আখেরি মোনাজাতে অংশ নিতে তাইতো ঢল নেমেছে লখো মানুষের।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পক্ষের (জোবায়ের অনুসারী) আয়োজনে এবারের ইজতেমা। চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পক্ষের (সা’দ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন।
২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার এবারের আয়োজন।
আমাদের কাগজ/এমটি