ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ কনকনে শীত উপেক্ষা করেই গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে লাখ লাখ মুসল্লির পদভারে পরিপূর্ণ।দেশের বিভিন্ন স্থান থেকে এবং বিভিন্ন দেশ থেকে দলবেঁধে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে।সকাল থেকেই বিভিন্ন ভাষায় অবিরাম বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা এ বয়ান করছেন। শনিবার (১৪ জানুয়ারি) বাদ ফজর থেকে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে লাখ লাখ মুসল্লি এ বয়ান শুনছেন।
বিশ্ব ইজতেমার শুরুর দিনে জুমার নামাজ আদায় করেছেন লাখ লাখ মুসল্লি। জুমার নামাজে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়েছে।
করোনা মহামারির কারণে দুই বছর পর হচ্ছে বিশ্ব ইজতেমা। এজন্য অন্যান্য বছরের তুলনায় এবার জুমার নামাজে সাধারণ মুসল্লিদের অংশগ্রহণ ছিল বেশি। দেশের সর্ববৃহৎ এই জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতিব ও তাবলিগের শুরা সদস্য মাওলানা জোবায়ের।
দুপুর ১টা ৪০ মিনিটে শুরু হয় জুমার খুতবা। ১টা ৪৫ মিনিটে শুরু হয় জুমার নামাজ। শেষ হয় দুপুর ১টা ৫২ মিনিটে।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
ধারণা করা হচ্ছে, মোনাজাতে প্রায় ৩০ লাখ মানুষ অংশ নিতে পারেন। আর বিশ্ব তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলেও আশা করা হচ্ছে।
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক বয়ান করেন। এদিন সকাল ১০টায় ভারতের মাওলানা ইবরাহিম দেওলা, পাকিস্তানের মাওলানা খোরশিদ, ভারতের মাওলানা আহমদ লাট, মাওলানা সানোয়ার বয়ান করবেন। এ ছাড়া পাকিস্তানের মাওলানা ইফতার জামান ইংরেজিতে বয়ান করবেন।
ভারতের মাওলানা ফারুক বাদ জোহর বয়ান করবেন। আর ভারতের মাওলানা যুহাইরুল হাসান বাদ আসর বয়ান করবেন এবং মাওলানা যোবায়ের এই বয়ান অনুবাদ করবেন।
আমাদের কাগজ/ এম টি