স্টামফোর্ডসহ ৪ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ
নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়গুলো হলো প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।
রোববার (১ জানুয়ারি) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, এই চারটি বিশ্ববিদ্যালয় আগামী ছয় মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, যে ১৫টি বিশ্ববিদ্যালয় অনুমোদনের ১২ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়নি তাদের সব কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য জমি কেনাসহ কোনো ব্যবস্থা নেয়নি এবং সব কার্যক্রম নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের উদ্যোগ নেয়নি। তাই এ বছর থেকে তাদের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে তারা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নিলে পরবর্তীতে বিবেচনা করা হবে।
আমাদেরকাগজ/এইচএম
