১২ জানুয়ারি, ২০২৩ ০৩:১৪

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ,স্পোর্টস ডেস্কঃ আগামী মার্চে দুবাইয়ে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু আফগানিস্তানে তালেবানদের নারী নীতির কারণে ম্যাচের আগেই সিরিজ বাতিল করে দিল অজিরা। খবর ক্রিকবাজের।
 
জানা যায়,আফগানিস্তানের নারীদের ওপর শিক্ষা, চাকরির বাধাসহ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির তালেবান সরকার। যার কারণে সরকারের সঙ্গে আলোচনা করে প্রতিবাদস্বরূপ আগামী মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

তারা চায় না, দেশটির নারীরা ক্রীড়াক্ষেত্রে জড়িত থাকুক। শুধু খেলাধুলা কেন, নারী-শিক্ষার ব্যাপারেও কঠোর তালেবান সরকার। সমস্যাটা মূলত এই দুই জায়গাতেই। অস্ট্রেলিয়া চায় বিশ্বের সব নারী ক্রীড়াক্ষেত্র ও শিক্ষার ব্যাপারে পুরুষদের সমান সুযোগ-সুবিধা পাক, যা তালেবানদের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘আফগানিস্তানসহ বিশ্বের সব নারীরা পুরুষদের মতো ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকুক। এ জন্য আমরা আফগানিস্তানে অবস্থার উন্নতি চাই। এই ব্যাপারে (সিরিজ বাতিল) অস্ট্রেলিয়া সরকার সহায়তা করায় আমরা কৃতজ্ঞ।’

শুধু এবারই না, অস্ট্রেলিয়ার এর আগেও আফগানিস্তানের সঙ্গে সিরিজ বাতিল করার নজির আছে। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় এসেছিল তালেবান সরকার। ক্ষমতায় এসেই নারীদের ব্যাপারে কঠোর নীতি বাস্তবায়ন করতে উদ্যোগী হয় তারা। সেই সময় অস্ট্রেলিয়া রশিদ খানদের বিপক্ষে অনুষ্ঠিতব্য একটি সিরিজ বাতিল করে দেয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময় তালেবান মেয়েদের শিক্ষা, চাকরি এবং পার্ক ও জিমে যাওয়ার ব্যাপারে সীমাবদ্ধতা আরোপ করার ঘোষণা দেওয়ার পর সিরিজে না খেলার এই সিদ্ধান্ত নেওয়া হল।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘গোটা বিশ্বে পুরুষ ও নারীদের খেলার প্রতি সমর্থন ও সম্প্রসারণে সিএ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নারীদের অবস্থার উন্নয়নের অপেক্ষায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাবো।’

আইসিসির পূর্ণ সদস্য রাষ্ট্র ১২টি। প্রতিটি সদস্য রাষ্ট্রেরই নারী দল ও অনূর্ধ্ব-১৯ দল রয়েছে, এ ক্ষেত্রে ব্যতিক্রম কেবল আফগানিস্তান। এবারের নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তাদের প্রতিনিধি নেই। ব্যাপারটি নিয়ে উদ্বিগ্ন আইসিসি সিইও জিওফ অ্যালার্ডিস। সংস্থাটির পরবর্তী সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।

আমাদের কাগজ/এম টি 

আরো খবর