বিশ্বাস করুন আমি পুরুষদের ঘৃণা করি: মধুমিতা
বিনোদন ডেস্ক: বর্তমানে রূপালি পর্দার নিয়মিত মুখ মধুমিতা। আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত পরবর্তী সিনেমা “দিল খুশ”। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে দেখা যাবে সোহম মজুমদারকে। সিনেমাটি মুক্তির আগে কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই চিত্রনায়িকা। সেখানে মধুমিতার কাজের বিভিন্ন দিকের পাশাপাশি উঠে এসেছে পুরুষদের প্রতি তার বীতশ্রদ্ধতার প্রসঙ্গও।
সাক্ষাৎকারে নিজের কাজের প্রসঙ্গে মধুমিতা বলেন, “২০২২ সালটা যেভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক সেভাবেই কেটেছে। প্রচুর কাজ করতে চেয়েছিলাম। নিজেকে সারা ক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়িমুড়কির মতো সবই এক ধরনের কাজ করছি না। বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভাল লাগছে। সব ধরনের কাজের জন্য আমায় প্রচুর সময় দিতে হচ্ছে।”
নিজের লক্ষ্য কতটুক পূরণ হলো জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “এখনও কিছুই হয়নি। ঘড়ার নীচও ছুঁতে পারিনি। আমি শুধু এগিয়ে চলেছি। কিন্তু গতি এখনও লক্ষ করছি না। ঠিক যতটা গতিতে এগোনো দরকার, ঠিক ততটা হচ্ছে না। শুধু তো বাংলায় নয়, আমি বাংলার বাইরেও কাজ করতে চাই। অন্য ভাষায়, অন্য ইন্ডাস্ট্রিতে।”
টলিউডের পাশাপাশি সম্প্রতি একটি তেলেগু সিনেমাতেও কাজ করেছেন মধুমিতা। এ বিষয়ে তিনি বলেন, “ওটা এক অন্য জগৎ। আমায় মার্শাল আর্টস শিখতে হয়েছে। সেজন্য আমাকে অনেকটা ওজন বাড়াতেও হয়েছিল। আমার এই বিষয়টা শিখতে দারুণ লেগেছে। ওরা সময় নিয়ে কাজ করে। আমায় এক মাস দিয়েছিল মার্শাল আর্টস শেখার জন্য। তার জন্য রক্তারক্তি, কালশিটে কী হয়নি আমার সঙ্গে।! আমিও আবার অনেক সময় কারও বুকে লাথি মেরে দিয়েছি।”
সাম্প্রতিক সময়ে টলিউডের অনেক অভিনেত্রীই বলিউডে পা বাড়িয়েছেন। মধুমিতারও তেমন কোনো পরিকল্পনা আছে নাকি জানতে চাইলে তিনি বলেন, “আমি নিজেকে সব রকম দিক থেকে তৈরি করার চেষ্টা করছি। আমি নিজে খুব একটা কোথাও চেষ্টা করছি না। তবে হ্যাঁ, বাইরে থেকে যদি তেমন কোনো সুযোগ আসে, পছন্দ হলে আমি ঝাঁপিয়ে পড়ব। একটা হিন্দি কাজও আমার হওয়ার কথা। ‘দিলখুশ' মুক্তি পাওয়ার পরই আমি কথা বলতে যাব। নিজেকে এমনভাবে তৈরি করতে চাই যেন সব জায়গা থেকে সুযোগ আসে।”
ব্যক্তিগত জীবনে এখনও সিঙ্গেল কি-না জানতে চাইলে একরকম বোমাই ফাটিয়েছেন মধুমিতা। এই চিত্রনায়িকা বলেন, “আমি কাজের সঙ্গে দায়বদ্ধ। আর বিশ্বাস করুন, আমি পুরুষদের ঘৃণা করি।”
মধুমিতা ঠিক কী কারণে এমন মন্তব্য করেছেন, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত জীবনে অতীতের বাজে অভিজ্ঞতা থেকেই এমন ঝাঁঝালো মন্তব্য তার।
একসময়ে ভালোবেসে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছাড়া বেঁধেছিলেন মধুমিতা। বিনোদনপাড়ায় তাদেরকে আদর্শ জুটি বলেই ধরা হতো।
তবে বছর পাঁচেক সংসারের পর ২০১৯ সালোর শেষদিকে সৌরভ-মধুমিতার বিচ্ছেদ হয়। এরপর একাধিকবার সম্পর্কে জড়ানোর গুঞ্জন ছড়ালেও তা নিয়ে মাথাব্যথা ছিল না মধুমিতার
২০১৭ সালে “পরিবর্তন” নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মধুমিতার। তবে তিনি পুরোদমে সিনেমায় এসেছেন ২০২০ সালের “লাভ আজ কাল পরশু” চলচ্চিত্র দিয়ে। এরপর তাকে “চিনি”, “টেংরা ব্লুজ” ইত্যাদি সিনেমায় দেখা গেছে।
আমাদের কাগজ//জেডআই
