১৪ জানুয়ারি, ২০২৩ ০৪:৪০

ইজতেমার যাত্রী সেজে ইয়াবা কারবার, আটক ৩

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিশ্ব ইজতেমার যাত্রী বেশে ইজতেমা ময়দানের দিকে আসছিলেন তিন মাদক কারবারি। রাজধানীর হাতিরঝিল ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার একটি বড় চালানসহ তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগের একটি দল। 

গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন, মো. আলী হোসেন ও মো. হাবিবুল্লাহ। পুলিশ জানায়, গ্রেফতার ইয়াছিন ও আলী হোসেন বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।

শনিবার (১৪ জানুয়ারি) এসব তথ্য জানান সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান।

তিনি বলেন, কয়েকজন মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমার যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার ইজতেমা ময়দানের দিকে আসছেন। 

এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি এলে পুলিশ মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দেয়। পরে বাস থেকে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেফতার করা হয়। এসময় বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিনে গ্রেফতারদের দেওয়া তথ্যমতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের সহযোগী হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়।


মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতাররা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়েছে।

যুগপৎ ভিন্ন পন্থা অবলম্বন করছেন মাদক কারবারিরা। নিজেদের গা বাঁচাতে প্রতিদিন ভিন্ন রকমের পথে বিমুখী হচ্ছেন তারা। 

পত্রিকা খুললে চোখে পড়ে,দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। অবস্থাদৃষ্টে মনে হয়, যেন মাদক নামক এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছি আমরা। দেশ থেকে এখনই যদি মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে নতুন প্রজন্মের মধ্যে সামাজিক অবক্ষয় ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, পারিবারিক কলহ, ঐশীর মতো সন্তানের হাতে বাবা-মায়ের খুন হওয়ার ঘটনা বৃদ্ধি পাবে। সূত্র: দৈনিক ইত্তেফাক 

 

আমাদের কাগজ/এমটি 

আরো খবর