১৪ জানুয়ারি, ২০২৩ ১২:২০

নারীকে গাড়িচাপা দেওয়া ঢাবির সাবেক সেই শিক্ষক মারা গেছেন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ কারাগারে মারা গেছেন রুবিনাকে চাপা দেওয়া সাবেক সেই ঢাবি শিক্ষক। গত ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ির নিচে আটকে যাওয়া নারীকে টেনে নেওয়া গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক যে শিক্ষক, মারা গেছেন তিনি। 

সাবেক এই শিক্ষকের নাম মোহাম্মদ আজহার জাফর শাহ। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই শিক্ষককে শুক্রবার (১৩ জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জাফর শাহকে সাড়ে তিনটার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত বছরের ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকায় তার গাড়ির বাম্পারে আটকে রুবিনা আক্তার নামে এক নারী মারা যান। গাড়ির আটকে যাওয়ার পর ওই নারী চিৎকার দিলেও তিনি গাড়ি না থামিয়ে উল্টো গাড়ির গতি বাড়িয়ে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যান রুবিনাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে গাড়িটি থামান। কিন্তু তার আগেই নিভে যায় রুবিনার জীবনপ্রদীপ। এরপর আশাপাশে থাকা লোকজন ওই শিক্ষককে বেধড়ক পেটালো তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কারাগারে নেওয়া হলে সেখানে আজ তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কেন্দ্রীয় কারাগার থেকে জাফর শাহ নামে ওই হাজতিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।   

আমাদের কাগজ/এম টি 

আরো খবর