১৪ জানুয়ারি, ২০২৩ ০৯:২৫

বাণিজ্যমেলায় খাবারের দাম বেশি রাখায় জরিমানা

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় চার খাদ্যপণ্যের প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে প্রতিষ্ঠানটি।শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক আতিয়া সুলতানা। 

এর আগে অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন) বিকাশ চন্দ্র দাসের নেতৃত্বে নিয়মিত পর্যবেক্ষণকালে এই জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধার্য্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়। আর জনস্বার্থে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন ভোক্তা-অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাগফুর রহমান, অধিদফতরের কর্মচারীরা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

এর আগে (৮ জানুয়ারি) বোতলজাত পানির দাম নির্ধারিত মূল্যের চেয়ে ৫ টাকা বেশি রাখায় একটি রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

গত ১ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী ২৭তম আন্তর্জাতিক বাণিজ্যমেলার ‘হল বি’তে ভোক্তা অধিদপ্তরের অস্থায়ী কার্যালয় করা হয়েছে। ভোক্তা কোনো পণ্য, খাবার ও সেবা কিনে ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হলে অধিদপ্তরের মেলা কার্যালয়ে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। 


আমাদের কাগজ/ এম টি 

আরো খবর