ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ দুদিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
কূটনৈতিক সূত্র বলছে, ডোনাল্ড লু ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সফর করবেন। সফরকালে ১৫ জানুয়ারি তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মতবিনিময় করবেন। পাশাপাশি তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানান, ডোনাল্ড লু জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার, মানবাধিকারসহ নানা ধরনের অগ্রাধিকারের বিষয় নিয়ে আলোচনার জন্য ১২ থেকে ১৫ জানুয়ারি ভারত ও বাংলাদেশ সফর করবেন।
বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম এবং মানবাধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকের জন্য আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি বাংলাদেশ সফর করবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বাংলাদেশ সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সম্প্রসারণ এবং শ্রম ও মানবাধিকারের বিষয়ে দৃষ্টিভঙ্গি জানতে ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তা এবং সুশীল সমাজের নেতাদের সঙ্গে দেখা করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু।
উল্লেখ্য, গত ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করছেন মার্কিন এই পররাষ্ট্র কর্মকর্তা। ২০২১ সালের সেপ্টেম্বরে তিনি দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
ভারত হয়ে দুই দিনের সফরে (শনিবার ১৪ জানুয়ারি) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
আমাদের কাগজ/ এম টি