ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে একাদশ জাতীয় সংসদের উপনেতা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে উপনেতা মনোনীত করা হয়।
সভা শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান। চলতি সংসদে সংসদ উপনেতা ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তাঁর মৃত্যুতে পদটি ফাঁকা হয়।
বৈঠক–সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক নূর–ই–আলম চৌধুরী তা সমর্থন করেন। এখন এ সিদ্ধান্ত স্পিকারকে জানানোর পর মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হবে। এরপর সংসদ সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে।
২০০৯ সালের পর টানা তিন মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। সংসদে দলটির এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদ উপনেতার পদে আসীন ছিলেন সাজেদা চৌধুরী। গত বছর ১১ সেপ্টেম্বরও একাদশ জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত কারণে মারা যান। সাজেদ চৌধুরী স্থলে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা মনোনীত করলো আওয়ামী লীগ।
সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন৷ এরপর এ প্রস্তাবে সমর্থন জানান আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
আওয়ামী লীগের সংসদীয় দলের এ সিদ্ধান্ত অনুযায়ী সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম স্পিকারকে জানানো হবে। এরপর সংসদ সচিবালয় থেকে দুই/এক দিনের মধ্যে মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য,সংসদে উপনেতার পদ পূরণের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাউকে উপনেতা হিসেবে নিয়োগ দেননি। তবে আওয়ামী লীগ বরাবরই মন্ত্রী পদমর্যাদার একজন সিনিয়র নেতাকে এই পদে বসিয়েছে।
আমাদের কাগজ/এম টি