শীতে ঘন ঘন প্রস্রাব হয়, সমাধান পেতে যা করবেন
লাইফস্টাইল ডেস্ক: শীতে আসলে দেখা যায় অনেকের ঘন ঘন প্রস্রাবের চাপ বাড়ে। অনেক সময় বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। অনেকে আবার পড়ে যান দুশ্চিন্তায়। চিকিৎসকের শরণাপন্ন হন ডায়াবেটিস হলো কিনা জানতে। তবে কিছু নিয়ম মানলে কমানো যায় প্রস্রাবের চাপ।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের মেডিকেল অফিসার ও সার্জন ডা. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘শীতকালে এই সমস্যা অনেকেরই হয়। গরমে আমরা অনেক বেশি পরিমাণ পানি পান করলেও সেগুলো ঘাম ও প্রস্রাবসহ নানা পথে বের হয়ে যায়। শীতকালে ঘাম হয় না। ফলে শরীর থেকে পানি বের হওয়ার একমাত্র উপায় মূত্রত্যাগ। তাই শীতকালে বারবার প্রস্রাবের বেগ পায়।’
তিনি আরও বলেন, ‘ঘন ঘন প্রস্রাব হলেই ডায়াবেটিস ভাবার কিছু নেই। গরমে যেখানে ৩-৪ লিটার পানি পান করা প্রয়োজন, শীতে একটু কমিয়ে ২ দশমিক ৫ লিটার পানি পান করা যেতে পারে। এতে প্রস্রাবের চাপ কমবে।’
তিনি আরও বলেন, ‘আমরা পানি ছাড়াও শীতকালে শরীর গরম রাখা কিংবা ঠাণ্ডার জন্য মধু মিক্সড লেবু পানি পান করি। বারবার চা কফি পান করি। এসব কারণেও প্রস্রাবের বেগ হয়। এ ধরনের পানীয় কম পান করলে আরাম পাওয়া যাবে।’
তবে আলসেমি করে প্রস্রাব আটকে না-রাখার ব্যাপারে সতর্ক করে এই বিশেষজ্ঞ জানান, কোনোভাবেই প্রস্রাব আটকে রাখা যাবে না। এতে নানান ধরনের ক্ষতি হতে পারে। প্রস্রাব আটকে রাখলে ব্যথা হওয়াসহ কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে।
আমাদেরকাগজ/এইচএম
