ছবি - সংগৃহীত
আমাদের কাগজ, নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি সৌদি আরবে ওমরা পালন শেষে ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণঅধিকার পরিষদ-এর সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সেলফি তোলায় দলটির তিন নেতাকর্মীকে আটকের অভিযোগ করেছে গণ অধিকার পরিষদ।
আটককৃতরা হলেন- ১. রাসেল মিয়া। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুনারিতলা গ্রামের চান মিয়ার ছেলে। ২. মো. রুবেল রানা। তিনি বগুড়া জেলা সারিয়াকান্দি থানার উত্তর শংকরপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। ৩. আল আমিন।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে তাদেরকে গ্রেফতারের কথা জানায় দলটি। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানও ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক (গণমাধ্যম সমন্বয়ক) আবু হানিফের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল এয়ারপোর্টে গণঅধিকার পরিষদ-এর সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রিসিভ করার সময় এয়ারপোর্টে কর্মরত ৩ জন ব্যক্তি ভিপি নুরের সাথে সেলফি তুললে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থানায় মামলা দিয়ে আজকে ৩ জনকেই কোর্টে চালান দেয়া হচ্ছে। দুপুর ২ টার পরে সিএমএম কোর্টে বিমানবন্দর থানার মামলায় জামিন শুনানী হবে।
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, নুর বিমানবন্দর থেকে বের হলে তার সঙ্গে সেলফি তুলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের কিছু কর্মী। এর মধ্যে রাসেল মিয়া, রুবেল রানা, আল আমিনকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিষয়টি জানতে পেরে আমরা থানায় যোগাযোগ করেছি। কিন্তু তাদেরকে না ছেড়ে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, গতকাল আটককৃতরা সংঘবদ্ধ হয়ে বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ‘গণঅভ্যুর্থানের’ চেষ্টা করেছিল। এজন্য তাদেরকে আটক করেছে বিমানবন্দরে দায়িত্বরত পুলিশের এপিবিএন। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজকে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে।
আমাদের কাগজ/এম টি