ছবি - সংগৃহীত
আমাদের কাগজ,বিনোদন ডেস্কঃ টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র সৌন্দর্য কিংবা ঠোঁটকাটা স্বভাবের কারণে বেশ আলোচনায় আসেন। ক্যারিয়ারের বাইরে সমসাময়িক বিষয়েও কথা বলে থাকেন তিনি। শিগগিরই ঢাকায় আসছেন এ অভিনেত্রী।
পূর্বপুরুষের দেশ বাংলাদেশকে নিজের শিকড় ভাবেন তিনি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে শ্রীলেখা পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে। ঢাকায় আসতে মুখিয়ে আছেন শ্রীলেখা।
সম্প্রতি ভাঁজ করা কাপড়ভর্তি ব্যাগের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা লিখেছেন: ‘আমার শিকড় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’
এর আগে গত ১৩ ডিসেম্বর ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেওয়ার ব্যাপারে শ্রীলেখা বলেছিলেন, আমার নিজের তৈরি করা সিনেমা নিয়ে আমি জানুয়ারির মাঝামাঝি সময়ে ঢাকায় আসছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আশা করি সিনেমাটি দেখাতে পারব আপনাদের।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হবে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী চলবে উৎসবের আসর। বিশ্বের ৭০টি দেশের ২২০টি সিনেমা প্রদর্শিত হবে এই আসরে। আর সেখানেই প্রদর্শন করা হবে টালিউড অভিনেত্রী শ্রীলেখার ‘এবং ছাদ’ সিনেমা।
শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দেন তারা তারা। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা।
আমাদের কাগজ/এম টি