আমাদের কাগজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সভার মঞ্চ থেকে নেতাকর্মীদের অনেকটা ধমকের সুরে নেমে যেতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে এই সভা হয়। এতে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে তাদের নেমে যেতে বলেন তিনি।
কাদের বলেন, ‘গেট আউট। তোমরা এখানে দাঁড়িয়ে আছ কেন? প্রেসিডেন্ট- সেক্রেটারি ছাড়া কেউ থাকবে না।’ এ কথা বলে অতিরিক্ত নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ‘কারো চেহারা দেখাতে হবে না। নো বডি।’ একপর্যায়ে মঞ্চ থেকে সরে গিয়ে অনেককে নামিয়ে দিয়ে আবার বক্তব্য শুরু করেন তিনি। বিষয়টি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল ইতিমধ্যে।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) ধ্বংস করেন, আর মেরামত করেন শেখ হাসিনা। মেরামতের মাধ্যমে উন্নয়ন অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়।’
মূলত বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অনুষ্ঠানে মঞ্চ ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় নেতাদের মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটল।জানা গেছে, ওবায়দুল কাদেরের বক্তব্যের শেষের দিকে তার পেছনে নেতাকর্মীরা ভিড় করেন। এ সময় কেউ একজন পেছন থেকে কিছু বলার জন্য বারবার বলছিলেন। এতে একপর্যায়ে তিনি রাগান্বিত হয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া সবাইকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন।
এ সময় ওবায়দুল কাদের মঞ্চের কয়েকজন নেতাকে বলে উঠেন ‘হু আর ইউ? ডিক্টেটিং মি, গেট আউট… তোমরা এখানে দাঁড়ায়া আছ কেন? সব যাও, তোমরাও যাও। প্রেসিডেন্ট… সেক্রেটারি ছাড়া সব সরে যাও। কারো চেহারা দেখাতে হবে না।’ এ সময় অনেক নেতা মঞ্চের উপরে সামনের দিকে বসতে গেলে ওবায়দুল কাদের ডায়াস থেকে গিয়ে তাদের সরিয়ে দেন।
আমাদের কাগজ/এম টি