রিফাত হত্যা : মিন্নির জামিন শুনতে হাইকোর্টের অপরাগতা
নিজস্ব প্রতিবেদক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিক ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার, ১১ জানুয়ারি তার জামিন আবেদনটি শুনতে অপারগতা জানান। এদিন আদালতে মিন্নির পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দা নাসরিন ও জামিউল হক ফয়সাল।
গত বছরের ১৬ অক্টোবর বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
মিন্নি বর্তমানে কাশিমপুরের কারাগারে আছেন। তিনি তার আইনজীবী জেড আই খান পান্না ও এএম জামিউল হক ফয়সালের মাধ্যমে জামিন আবেদনটি জমা দিয়ে জানান, তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। বরং তিনি তার স্বামী রিফাতকে বাঁচানোর চেষ্টা করেছিলেন।
২০১৯ সালের ২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে (২৫) একদল যুবক কুপিয়ে হত্যা করে। আলোচিত এই হত্যা মামলায় ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান। একই বছরের ৪ অক্টোবর ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়। আর ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।
আমাদেরকাগজ/ এইচকে
