১০ জানুয়ারি, ২০২৩ ০৯:৪০

গাজীপুরে শ্রমিক নিহতের গুজব, তিনটি বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ছাইকদানা এলাকায় বাসের চাপায় এক শ্রমিক নিহত হওয়ার গুজবে তিনটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছাইকদানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক পোশাক শ্রমিক জানান, রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস গার্মেন্টস শ্রমিকদের ধাক্কা দিলে কয়েকজন হতাহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের তিনটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা অঞ্চলের সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান বলেন, বাসের ধাক্কায় একজনের মৃত্যুর খবর শুনেছি, তবে খবরের সত্যতা নিশ্চিত করতে পারিনি। বিস্তারিত পরে দেওয়া হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. আলমগীর হোসেন জানান, বাসের ধাক্কায় এক শ্রমিক আহত হওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে স্থানীয় তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তার পরিচয় জানা যায়নি। বাসের চাপায় শ্রমিক নিহত হওয়ার গুজবে উত্তেজিত হয়ে পড়েন শ্রমিকরা। একপর্যায়ে তারা অনাবিল পরিবহনের তিনটি বাসে আগুন দেয় এবং কয়েকটি যানবাহন ভাংচুর করে মহাসড়ক দখল করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, উত্তেজিত জনতা বাসটিতে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে।

আমাদেরকাগজ/এইচএম

আরো খবর