কারামুক্ত হলেন মির্জা ফখরুল-আব্বাস
নিজস্ব প্রতিবেদক: নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্ত হয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টা নাগাদ এক মাস পর তারা কারামুক্ত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল।
এর আগে, বিকেল সাড়ে ৪টায় তাদের জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।
গত ৩ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
পরদিন তাদের জামিন ঠেকাতে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানির জন্য রোববার (৮ জানুয়ারি) দিন ধার্য করেছিলেন চেম্বার আদালত। এদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে তাদের জামিন বহাল রাখা হয়।
এর আগে মোট চারবার ফখরুল ও আব্বাসের জামিন আবেদন নাকচ করেন নিম্ন আদালতের বিচারকরা। পরে হাইকোর্টে আবেদন করেন তারা।
আমাদেরকাগজ/এইচএম
