ব্রাজিলে রাষ্ট্রপতি ভবনে হামলা, ছত্রভঙ্গে হেলিকপ্টারের ব্যবহার
ছবিঃ ইন্টারনেট
আমাদের কাগজ, আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলের রাষ্ট্রপতি ভবনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে হামলা চালালেন সাবেক রাষ্ট্রপ্রধানের সমর্থকেরা। সংঘবদ্ধ হয়ে রাষ্ট্রপতি ভবন আক্রমণ করেন তারা। এ সময় ঘিরে ফেলা হয় ব্রাজিলের কংগ্রেস ও সুপ্রিম কোর্টও। খবর আল-জজিরার।
রোববার (৮ জানুয়ারি) দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা এ হামলা চালায়।
আলজাজিরার তথ্যমতে, নির্বাচনে কারচুপির অভিযোগ ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো সমর্থকরা সবুজ পতাকা এবং হলুদ পোশাক পরে বর্তমান রাষ্ট্রপতি ভবনে হামলা চালায়। তবে হামলার সময় রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা ডা সিলভা সেখানে ছিলেন না।
এ ছাড়া বিক্ষোভকারীরা কংগ্রেসে আক্রমণের পাশাপাশি সুপ্রিম কোর্টের বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, হাজার হাজার বিক্ষোভকারী ব্রাজিলের হলুদ, সবুজ পতাকা নিয়ে রাষ্ট্রপতি ভবনের দিকে এগোচ্ছেন। কর্তৃপক্ষের নিরাপত্তা বেষ্টনী ভেঙে তারা ঢুকে যাচ্ছেন ভবনের ভেতর। ব্যাপক মানুষ জড়ো হয়েছেন রাষ্ট্রপতি ভবনের ছাদে।
সাবেক রাষ্ট্রপতি বোলোসোনারো এখন পর্যন্ত নিজের হার স্বীকার করেননি। বরং গণতান্ত্রিক পদ্ধতিতে আয়োজিত নির্বাচনে পরাজয়কে তিনি ভোট গণনায় কারচুপি হিসেবে চিহ্নিত করেছেন। যদিও অক্টোবরে পরাজয়ের পরেই দেশ ছেড়েছেন বোলসোনারো। তিনি বর্তমানে ফ্লোরিডায় থাকেন, যেখানে রয়েছেন ট্রাম্পও।
অক্টোবরে নির্বাচনের পর থেকেই বোলসোনারোর সমর্থক ও অনুগামীরা দেশের নানা প্রান্তে তাণ্ডব চালাচ্ছেন। এদিন তা চরম আকার ধারণ করলো।
আমাদের কাগজ/এম টি
