৯ জানুয়ারি, ২০২৩ ০৯:২৪

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে, নিহত ৪০

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ, আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন। 

রোববার দিবাগত রাত ৩টার দিকে দেশটির প্রধান জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যুতে আমি মর্মাহত। এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

ফায়ার ব্রিগেড বলেছে, ৬০ জনের ধারণক্ষমতার একটি বাস মৌরীতানিয়ার সীমান্তের কাছে রোসো শহরের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসার আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেইখ ফল বলেছেন, এই ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ৮৭ জন আহত হয়েছেন। ইতোমধ্যে আহতদের কাফরিনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ায় যান চলাচল পুনরায় শুরু হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউটর চেইখ ডিয়েং বলেন, প্রাথমিক তদন্তে যাত্রীদের গণপরিবহণের জন্য নির্ধারিত একটি বাসের টায়ার ফেটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টায়ার ফেটে বাসটির গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।সূত্র: এএফপি

আমাদের কাগজ/এমটি 

আরো খবর