নিখোঁজ শিক্ষকের লাশ পাওয়া গেলো জমির কাদার মধ্যে
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জে ঈশ্বরবা গ্রামের মাঠ থেকে তাপস কুমার বিষ্ণু (৫৬) নামে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার, ৮ জানুয়ারি সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তাপস উপজেলার চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক। তিনি একই উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশিদ জানান, শিক্ষক তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে সবার অগোচরে বেরিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। সকালে ঈশ্বরবা গ্রামের মাঠে ইরি ধানের জন্য প্রস্তুত করা জমির কাদার মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
কালীগঞ্জ থানার এসআই অজিবর রহমান জানান, ঘটনাস্থল দেখে মনে হচ্ছে, প্রচণ্ড শীতে কাদা-পানির মধ্যে পড়ে মারা যেতে পারে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনি বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
আমাদেরকাগজ/ এইচকে
