ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে সৌদি আরবে মারধরের ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনাটি দেশটির দাম্মাম আল খোবার এলাকায় বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। এ ছাড়া ভিপি নুর ফেসবুকে এসে বিভিন্ন ধরনের সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেন।
এসব ঘটনাকে ঘিরে এমনিতেই তার বিরুদ্ধে সমালোচনার শেষ ছিল না, যা ক্ষুব্ধ করেছে সৌদি আরব প্রবাসীদেরও। এসব কারণেই নুরকে ধাওয়া দিয়ে মারধর করা ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে।
ঘটনার আগে ভিপি নুর ওমরাহ পালনের কথা বলে দেশ ছেড়েছিলেন। গণমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাটি দেশটির দাম্মাম আল খোবারের।
এ বিষয়ে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক মো. আবু হানিফ সংবাদমাধ্যমকে বলেন, সৌদি আরবে যুবলীগের নেতাকর্মীরা ভিপি নুরকে আক্রমণ করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে মারধর করা হয়নি। তাকে আক্রমণ করার আগেই সেখানে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন।
এর আগে ফেসবুকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে নুরের বৈঠকের একটি ছবি প্রকাশ হয়। যেটি নিয়ে তোলপাড় শুরু হয় দেশজুড়ে।
আমাদের কাগজ/এম টি