৬ জানুয়ারি, ২০২৩ ০৪:০৫

বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও নেতাদের ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানান উত্থান-পতনের মধ্যে দিয়ে চলছে নির্বাচন প্রস্তুতি। সবশেষ এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিলেও নেতাদের অংশ নেয়া ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন। 

শুক্রবার (৬ জানুয়ারি) নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি ।

তিনি বলেন, বিএনপির সিদ্ধান্তগুলো আসে সমুদ্রের ওপার থেকে। যিনি বা যারা দেন বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা ১৫-১৬ বছর ধরে দেশের বাইরে। দেশের পরিস্থিতি কী সে ব্যপারে তাদের ধারণা নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সংসদ থেকে বিএনপির পদত্যাগ করা একটি অদূরদর্শী সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, বিএনপির অনেকেই মনে করেন ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করা এবং প্রতিহত করার যে অপচেষ্টা করেছিল সেটি ভুল ছিল। পরে ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করা না করার দোলাচলের মধ্যে থেকে নির্বাচনে অংশগ্রহণ করাটাও ভুল সিদ্ধান্ত। তাদের সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। এই পদত্যাগ বিএনপির জন্য শুভ হয়নি। আব্দুর সাত্তারের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে এটাই বোঝা যায়, ভবিষ্যতে বিএনপি নির্বাচনে অংশ না নিলেও তাদের নেতাদের অংশগ্রহণ ঠেকানো যাবে না। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদের ৪ বছর পূর্তি উপলক্ষে ড. হাছান মাহমুদ বলেন, দেশবিরোধীদের ষড়যন্ত্র না থাকলে বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যেতো।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী লীগ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনের নিরঙ্কুশ বিজয় লাভ করার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৯৬ সালে নির্বাচনে জিতে প্রথমবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি। 

আমাদের কাগজ/এম টি  

আরো খবর