৬ জানুয়ারি, ২০২৩ ০৩:৩৭

তারেক-জোবাইদার সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুব দল।  

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এসময় স্বেচ্ছাসেবক দলের নেতারা তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্পত্তি ক্রোকের আদেশসহ সব মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এ ছাড়া গ্রেফতার হওয়া বিএনপির নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান তারা।

জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেয়। 

এর আগে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। জানা গেছে, দুদকের মামলায় আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সম্পদ বাজেয়াপ্তের আদেশের প্রতিবাদে এই বিক্ষোভ করে ছাত্র সংগঠনটি।  

শুক্রবার (৬ জানুয়ারি) বেলা ২টায় নয়াপল্টনে মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজ, দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা শিকদার, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, ডা. জাহেদুল কবির জাহিদ, সর্দার মো. নুরুজ্জামান ও মোর্শেদ আলম প্রমুখ। 

আমাদের কাগজ/এম টি  

আরো খবর