নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার আদমদীঘির সান্তাহারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বোঝায় ট্রাক সড়কের পাশের গাছে ধাক্কায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। বুধবার, ৪ জানুয়ারি সকালে উপজেলার বশিপুর শখের পল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার রাফিউল্লাহ নওগাঁর মহাদেবপুর সিবরামপুর গ্রামের ফয়েজ উল্লাহের ছেলে। আহত চালকের নাম জাফর আলী। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক উজ্জ্বল মিয়া জানান, হেলপার রাফিউল্লাহর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, সকালে বশিপুর এলাকা থেকে বালু বোঝায় ঢাকা মেট্রো-ট-১৫-৬১১৩ নম্বরের ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। সান্তাহার শখের পল্লী এলাকায় পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক জাফর আলী ও হেলপার রাফিউল্লাহ গুরুতর আহত হন। তাদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানোর পর হেলপার রাফিউল্লাহ মারা যান।
আমাদেরকাগজ/ এইচকে
