ছবি - সংগৃহীত
আমাদের কাগজ ডেস্কঃ দিনাজপুরের নবাবগঞ্জে পিংকি স্পেশাল নামে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাদুরিয়া-দিঘীরতা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল।
বাসযাত্রীদের অভিযোগ, বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ভোরে দুর্ঘটনার সময় বাসটি চালাচ্ছিলেন চালকের সহকারী (হেলপার)। তিনি গাড়িটি নিয়ন্ত্রণ করতে না পেরে রাস্তার পাশে খাদে নামিয়ে দেন। এতে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে যান।
গাড়িতে থাকা পাখি নামে এক যাত্রী বলেন, ভোর রাতে হোটেলে খাওয়া দাওয়া করার পর বাসচালক তার হেলপারকে গাড়ি চালাতে দেন। তিনি অভিযোগ করে জানান, তারা হয়তো নেশা জাতীয় দ্রব্য সেবন করে গাড়িতে উঠেছিলেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আমাদের কাগজ/এম টি