৩১ ডিসেম্বর, ২০২২ ১০:২২

বাণিজ্য মেলার প্রস্তুতি সম্পন্ন, রোববার উদ্বোধন

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৩ শুরু হতে যাচ্ছে আগামী ১ জানুয়ারি (রোববার) থেকে।রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে। এতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। 

এবার মেলার প্রবেশদ্বারে মেট্রোরেলের আদলে দুটি গেট তৈরি করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মেলায় স্টলের সংখ্যাও বেড়েছে। দেশি-বিদেশি মিলে মেলায় ৩৫১টি স্টল রয়েছে। মেলায় ১০টি বিদেশি রাষ্ট্রের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। তথ্যমতে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। মেলায় ৩১৯টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক পুুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

এ ছাড়া মেলায় বড় দুটি হল রুম, বিভিন্ন প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন এবং শিশুদের জন্য আলাদা একটি মিনি পার্কের ব্যবস্থা করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন গণমাধ্যমকে বলেন, মেলায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যানজটে যেন বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য যথাযথ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগর থেকে সরিয়ে গত বছর প্রথমবারের মতো পূর্বাচলে বাণিজ্য মেলার আয়োজন করা হয়।

১৯৯৫ সালে শুরুর পর থেকে ঢাকার শেরেবাংলা নগরে উন্মুক্ত মাঠে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন হয়ে আসছিল। কিন্তু মেলাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক যানজটের কথা বিবেচনায় নিয়ে পূর্বাচলে মেলা আয়োজনের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ করেছে ইপিবি। গেল বছরের মেলাও আয়োজন করা হয়েছিল পূর্বাচলের ওই প্রদর্শনী কেন্দ্রে।

বিস্তৃর্ণ গাড়ি পার্কিং ব্যবস্থা ছাড়াও বিভিন্ন স্থানে দর্শনার্থীদের ক্লান্তি কাটানোর ব্যবস্থা থাকবে। এছাড়া শিশুদের জন্য বিভিন্ন মনোমুগ্ধকর রাইডের শিশুপার্ক রাখা হয়েছে।

গত বছরের মতো এবারও মেলার প্রবেশ মূল্য ৪০ টাকা; শিশুদের জন্য ২০ টাকা।


আমাদের কাগজ/এম টি 

আরো খবর