নতুন বছরে যেভাবে খুঁজে পাবেন মনের মানুষ
আমাদের কাগজ ডেস্ক : দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২৩ সাল। একাকী জীবনযাপন করা অনেকেই অপেক্ষায় আছেন নতুন বছরে মনের ঘরে কাউকে ঠাই দিতে। কিন্তু কীভাবে খুঁজে পাবেন মনের মানুষ?
নতুন বছরে মনের মানুষ খুঁজে পেতে বড় ভূমিকা রাখবে অনলাইন। এমনকি প্রিয়জনের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও অনলাইন ডেটিং মাধ্যম হয়ে উঠবে আরও জনপ্রিয়।
ইশারা-ইঙ্গিতে নয়, পছন্দ জানান সরাসরি
একটা সময় ছিল প্রেম সরাসরি বলার চেয়ে চোখাচোখি, দেখাদেখির পরে ইশারা-ইঙ্গিতে চলতো মনের ভাষা বোঝানো। তবে নতুন বছরে এই ধরনটি বদলাতে হবে। সম্পর্ক গড়তে চাইলে সরাসরি বলে দেওয়াটাই হতে পারে কাছাকাছি যাওয়ার প্রাথমিক ধাপ।
কারণ সরাসরি বলতে পারার মধ্যেই মানসিক পরিপক্কতা ফুটে ওঠে। আর সঙ্গী হিসেবে অন্তত ৬০% মানুষই শারীরিক চাহিদার চেয়ে মানসিক পরিপক্কতার দিকে বেশি নজর দেন।
প্রতিশ্রুতি নয়, সম্পর্ক হোক চিন্তার-মননের
দিন দিন মানুষের মধ্যে সামাজিকতা কমে আসছে। কোভিড এসে যেন মানুষে মানুষে দুরত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আর এমন সময়ে সম্পর্ক গড়ে উঠবে সামনাসামনি বসে সময় কাটানোয় নয়, বরং দুইজনের জ্ঞানের লেনাদেনায়।
আগের চাইতে মানুষ এখন মানসিক চাহিদা এবং সীমানা সম্পর্কে পরিষ্কার হচ্ছে। তারা নিজেদের আরও সৃজনশীলভাবে উপস্থাপন করছে। এজন্য অন্তত ৫৩% মানুষ চান আগেই প্রতিশ্রুতি নয়। বরং সম্পর্ক হোক চিন্তার-মননের।
দিনলিপি ও সম্পর্কে ভারসাম্য
সম্পর্ক মানে সঙ্গীর জীবনে পূর্ণ দখল নয়। বরং যখন যেটা, সেটাই সর্বোচ্চ গুরুত্ব। এমনটাই হবে নতুন বছরে কাজ ও সম্পর্কের ভারসাম্যের মূল কথা। একটা সময় ছিল মানুষ নিজের পদবি, কাজ এসবকে গুরুত্ব দিত, আবার অনেকেই সম্পর্কে পুরোপুরি গলে পড়তো। কিন্তু এখন সেখানে পার্থক্য গড়ে উঠেছে। তৈরি হয়েছে ভারসাম্য।
এজন্য মানুষ এখন কাজের সময় কাজ। আর সম্পর্কের সময় সম্পর্ক। আবার একত্রে দুটো নয়। এমন জীবনই পছন্দ করছেন। ফলে সম্পর্ক গড়তে মাথায় রাখুন এই জরুরি বিষয়টিও।
হয়ে যান যাযাবর
ভালোবাসার মানুষ দূর বহুদূর থাকবে, এটা ভাবতেই যেন হৃদয়ে ভর করে বিষণ্ণতা। কিন্তু দিনে দিনে অবস্থা এমন হয়েছে যে পাশাপাশি বাড়ি প্রেম করলেও সম্পর্কের দূরত্ব অনেকটা ডিজিটাল যাযাবরের মতো। দেখা, কথা সবই আইটি ভিত্তিক।
নতুন বছরেও চলতে থাকবে এমনটাই। ফলে সরাসরি দেখা করার চেয়ে অনলাইনে প্রেম আরও বেশি সহজ থাকবে। আর তাদের দেখা হবে সম্পূর্ণ অপরিচিত কোনো জায়গায়।
নির্মল-নমনীয় পুরুষত্ব
বিশ্ব জুড়ে সমাজ বদলাচ্ছে প্রতিনিয়ত। বদলে যাচ্ছে মানুষের অভ্যাস, স্বভাব। বাড়ছে মানুষে মানুষে দূরত্ব। সৃষ্টি হচ্ছে হিংস্রতা। আর এমন সময়ে নারীরা পছন্দ করছেন নির্মল-নমনীয় পুরুষত্ব সম্পন্ন মানুষ।
অন্তত ৪৭% নারীর মতে পুরুষদের যে চিরাচরিত স্বভাব। সেটিকে সঙ্গীসুলভ আচরণ মনে করছেন না তারা। বরং নারীদের আশা, পুরুষ হবে নির্মল-নমনীয়। তাদের আলোচনা থাকবে অনেক বেশি প্রশস্ত।
সাক্ষাতের ধরনে বড় বিপ্লব
প্রথম দেখায় প্রেম। তারপর চেনাজানা। পরিচয় গভীর হওয়া। তারপর পাশাপাশি হাঁটা। আগেপিছে একটু হাত ধরা। চুমু খাওয়া। বছরের পর বছর এমনটাই ছিল প্রেমের সনাতন পদ্ধতি। কিন্তু এখন দেখাদেখির পর প্রেম হওয়া পর্যন্ত এতো ঝক্কি পোহাতে আগ্রহ পান না তরুণ-তরুণীরা।
ডেটিং অ্যাপে এক ঝলকেই হয়ে যায় পছন্দ, চেনাজানা, গভীর পরিচয়। শুধু বাকি থাকে সরাসরি সাক্ষাৎ। ২০২৩ সালে ডেটিং অ্যাপ থেকেই হতে পারে নতুন নতুন বহু সম্পর্ক। হবে দেখা সাক্ষাতও। এমনটাই বলছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন।
এই প্রতিবেদনের সত্যতা কতটা সেটা প্রমাণ হওয়া শুরু করবে আর কিছুদিন পরেই। আপাতত অপেক্ষা মনের মানুষ খুঁজে পাওয়ার অপেক্ষা বুকে ধারণ করে নতুন বছরকে স্বাগত জানানোর।
আমাদেরকাগজ/ এইচকে
