শিক্ষা রূপান্তর করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী
নাটোর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, 'আগামী বছর থেকে দেশে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এই শিক্ষামূলক কর্মসূচীতে আমরা প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত সব ক্ষেত্রেই শুধু পরিবর্তনই নয়, রূপান্তরের চেষ্টা করেছি।
মঙ্গলবার বিকেলে নাটোর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাটোরের অনিমা চৌধুরী মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে গবেষণায় বরাদ্দ বাড়ানো হয়েছে। বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখন আবার জঙ্গি-সন্ত্রাস-খুনী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা আবার গণতন্ত্রের জন্য কাঁদছে। তারা নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা শুরু করেছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও তাদের দোসরদের কোনো জায়গা ছেড়ে দেওয়ার সুযোগ নেই। বিজয়ের মাসে সবার প্রত্যয় হবে স্বাধীন দেশে রাজনীতি থাকবে, পক্ষ-বিপক্ষ থাকবে, সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তবে স্বাধীনতাবিরোধী কেউ থাকবে না। স্বাধীনতার বিরোধী কেউ রাজনীতি করার সুযোগ পাবে না।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শিরিন আক্তার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মসিউর রহমান।
আমাদেরকাগজ/এইচএম
