ধানমন্ডিতে খেলা দেখতে গিয়ে দুই বন্ধু নিহত, যাচ্ছিলেন টিএসসিতে
ছবিঃ ইন্টারনেট
আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের চাপায় দুই বন্ধু নিহতের ঘটনা ঘটছে। এ ঘটনায় নিহত দুজনের পরিচয় মিলেছে।
ঘটনা সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানার রাসেল স্কয়ার মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জাকির হোসেন (৩৫) এবং জন বিশ্বাস (৩৭) নামে দুজন। তারা দুজনই বিশ্বকাপের সেমিফাইনাল উপভোগ করতে বাসা থেকে বের হয়েছিলেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম।
এ বিষয়ে কলাবাগান থানার ওসি জানান, ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান সড়কে বেপরোয়া গতিতে একটি কাভার্ডভ্যান রাসেল স্কয়ার মোড়ে তিনটি রিকশাকে চাপা দেয়। রিকশা তিনটি কাভার্ডভ্যানের চাপায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এছাড়া দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত জাকিরের মামা আবদুর রহিম বলেন, জাকির দুই সন্তানের জনক ছিলেন। তিনি সাকসেস ডেন্টাল ল্যাবের ল্যাবরেটরি টেকনিশিয়ান ছিলেন। গতরাতে বিশ্বকাপ খেলা দেখার জন্য দুই বন্ধু জাকির এবং জন টিএসসি যাবার পথে কলাবাগানে দুর্ঘটনায় কবলে পড়েন। পরে সংবাদ পেয়ে সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ এসে মরদেহ দুটি শনাক্ত করি।
তিনি আরও বলেন, নিহত জাকির দিনাজপুরের খানসামা থানার গোয়ালডিহি গ্রামের নাজুমদ্দিনের ছেলে। তিনি মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহত জনের ফুপাতো ভাই রাজু বলেন, জন সাকসেস ডেন্টাল ল্যাবের ল্যাবরেটরির টেকনিশিয়ান ছিলেন। তিনি খুলনার দাকোপ থানার লাউডোব গ্রামের পুলিন বিশ্বাসের ছেলে। তিনি জাকিরের সঙ্গে নবোদয় হাউজিংয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
এদিকে ঘাতক কাভার্ডভ্যানের চালক ও হেলপার কোথায়, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কি না? জানতে চাইলে কলাবাগান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছেন। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
আমাদের কাগজ/এম টি
