১৩ ডিসেম্বর, ২০২২ ১২:০৪

২৯ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হচ্ছে না

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। আগে এই পরীক্ষা ২৯ তারিখ নেয়ার কথা ছিল। আর বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে মোট শিক্ষার্থীর ২০ শতাংশ। গতকাল সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর উপজেলা পর্যায়ে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বেশ কয়েকটি জেলায় স্থানীয় সরকার নির্বাচন থাকায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুব শিগগির এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে।


তিনি আরও বলেন, আগে সিদ্ধান্ত হয়েছিল প্রতিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।

সবশেষ ২০০৮ সালে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরের বছর পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হলে বাদ হয়ে যায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা। তবে গত ২৮ নভেম্বর আন্তঃমন্ত্রণালয় সভায় আবার এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 

প্রথমে ২৯ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হলেও তা বদলানো হয়েছে। এ দিন পাঁচটি পৌরসভা, ৬৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে। তাই ৩০ ডিসেম্বর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। চারটি বিষয়ে ২৫ করে মোট ১০০ নম্বরে দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি বিষয় থেকে ১৫টি এমসিকিউ ও একটি রচনামূলক প্রশ্ন থাকবে।


আমাদের কাগজ/এম টি 

আরো খবর