মেটা ছাড়ছে না জাকারবার্গ
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গত কয়েকদিন ধরে একটি খবর ঘুরছিল সোশ্যাল মিডিয়ায়। তা হলো-মেটার সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। অ্যান্ডি স্টোন নামের এক মেটা কর্মকর্তা জানিয়েছেন খবরটির সত্যতা নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জাকারবার্গের সরে দাঁড়ানোর তথ্য ভুয়া বলে দাবি করেন তিনি।
‘স্বপ্নের প্রকল্প’ মেটাভার্সের আর্থিক ক্ষতির কারণেই জাকারবার্গ পদত্যাগ করতে চাইছেন বলে দাবি করেছিল এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সেখানে আরও দাবি করা হয়, ২০২৩ সালের শুরুতেই দায়িত্ব থেকে সরে যাবেন মার্ক জাকারবার্গ। কিন্তু, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই এই দাবি প্রত্যাখ্যান করেছে মেটা। তবে পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুজব হলেও মেটার আর্থিক ক্ষতির দাবিটি কার্যত স্বীকার করেছেন মেটা কর্মকর্তা। তিনি বলেন, ‘ব্যবসায় লাভ-ক্ষতি থাকবেই। আশা করা হচ্ছে আগামী বছর সংস্থা দ্বিগুণ লাভ করবে।’
উল্লেখ্য, চলতি নভেম্বরেই ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা কমপক্ষে ১১ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। সংস্থার এক বিবৃতিতে ‘১৩% কর্মী কমানোর’ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। এরপর সংস্থার প্রধান হিসেবে ‘কর্মী কমানো’র দায় নিজের ওপরই নেন মার্ক জাকারবার্গ।
আমাদের কাগজ//জেডআই
