২৮ জুলাই, ২০১৯ ১২:৪০

ঈদযাত্রায় ভুলতায় ভোগান্তির বড় ভয়

ঈদযাত্রায় ঢাকা–সিলেট মহাসড়কে ভোগান্তির বড় কারণ হয়ে উঠতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা। সেখানে উড়ালসড়কের নির্মাণকাজ চলছে। পথ হয়ে গেছে সংকীর্ণ। ফলে ধীরগতিতে চলছে যানবাহন। এতে এখনই প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকছে। ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

এর বাইরে এই মহাসড়কের হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের ১২টি জায়গায় আছে ছোট–বড় খানাখন্দ। কোথাও দেবে গেছে সড়ক। সেখানে যানবাহন চলতে হচ্ছে ধীরে ধীরে। সব মিলিয়ে ঢাকা–সিলেট মহাসড়কে এবারের ঈদযাত্রায় এটি দুশ্চিন্তার বিষয় হয়ে উঠতে পারে।

তবে ঢাকা-সিলেট মহাসড়কটি যান চলাচলের জন্য খুবই চমৎকার বলে দাবি করেছেন সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষের সিলেটের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া। তিনি বলেন, সিলেট জেলার যে দু–একটি অংশে টুকটাক খানাখন্দ রয়েছে, তা সংস্কারে কাজ শুরু হয়েছে।

আর সওজ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন আগে সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি শুরুর আগে সামান্য একটু অংশেও খানাখন্দ ছিল না। ভাঙা অংশ সংস্কারে কাজ শুরু হয়েছে। ঈদে ঘরমুখী মানুষকে কোনো দুর্ভোগই পোহাতে হবে না।’

আরো খবর