নারী ও শিশুকে সমানভাবে গুরুত্ব দিতে হবে: স্পিকার
ডেস্ক রিপোর্ট ।।
দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী ও শিশুকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। দেশের তরুণ সমাজকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত করা জরুরি বলে মন্তব্য করেছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি এ সময় তরুণদের কর্মক্ষমতাকে কাজে লাগাতে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এ সব কথা বলেন।
শিরীন শারমিন বলেন, ‘কর্মশালায় বিশেষজ্ঞ ব্যক্তিদের জ্ঞানভিত্তিক ও গবেষণামূলক আলোচনা সংশ্লিষ্টদের জানার পরিসরকে আরও সমৃদ্ধ করবে। নতুন সংসদ সদস্যদের অবহিতকরণের জন্য কর্মশালা আয়োজনের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতাপ্রবণ এলাকায় ব্যাপকভাবে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।’
কর্মশালায় সূচনা বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ এমপি।
